চট্টগ্রামে এক রাতেই দুই বাসে আগুন

চট্টগ্রামে এক রাতেই দুই বাসে আগুন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় এক রাতেই দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাস দু’টিতে আগুন দেয়া হয়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা চালক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে চারটার দিকে নগরের আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ৩ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এরপর মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকার শফি মোটরস এলাকায় সড়কের পাশে রাখা আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ক্ষতিগ্রস্ত বাস দু’টি নিহাল এন্টারপ্রাইজের বলে জানা গেছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু জানান, দু’টি বাসে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।