রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে পড়ে থাকা দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দু’টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ওই গ্রেনেড দু’টি নিষ্ক্রিয় করেন।
একই সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেড উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে তাকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দু’টি গ্রেনেড দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ‘শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দু’টি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে গ্রেনেড দু’টি উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় গ্রেনেড দু’টি নিষ্ক্রিয় করা হয়। কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
