খুলনায় একটি সরকারি কলেজের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকে এই আগুন দেয়া হয়। তবে কিছুক্ষণ পর আগুন দেখে কলেজের নৈশপ্রহরী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, রাতেই তাকে ফোনে নৈশপ্রহরী পলাশ আগুন লাগানোর ঘটনাটি জানায়।
সোমবার সকাল ৭টার দিকে কলেজ ফটকে এসে একটি তালা ঝুলতে দেখা যায়। তিনি বলেন, কলেজের জায়গা নিয়ে দ্বন্দে¦র কারণে অথবা ছাত্ররা রেজাল্ট খারাপ করায় এ ঘটনা ঘটতে পারে। বটিয়াঘাটা থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কামরুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করার জন্য পুলিশকে বলা হয়েছে।
