ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান। এ জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন তিনি। তবে তার সেই আবেদন দ্রুত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন তিনি দেশ ছেড়েছিলেন, দেশে ফিরতে তার নতুন ভ্রমণ নথি কেন প্রয়োজন এবং তার প্রত্যাবর্তনে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে— বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব প্রশ্নের ব্যাখ্যা দেয়া হয়েছে। কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা? দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নষ্ট করার ব্যাপক অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ওই সময়ে বিরোধী দলের অনেক নেতা দেশের বাইরে অবস্থান করছিলেন। বিরোধী দলগুলো বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ থেকেও বিরত ছিল।
২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। ওই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। হাসিনার শাসনামলে তারেক রহমানও লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।
নতুন ভ্রমণ নথি কেন প্রয়োজন শেখ হাসিনার? শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে। গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। ই-মেইলে পাঠানো ওই আবেদনে দ্রুত নথি ইস্যু করার অনুরোধ জানানো হয়। এতে শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্বের বিষয়টি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির প্রতি বাংলাদেশের দায়বদ্ধতার কথাও উল্লেখ করা হয়। তবে বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, তারা ‘কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না’। একই সঙ্গে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি তাকে সাধারণ কোনো বাণিজ্যিক পর্যটক হিসেবে বিবেচনা করব এবং বলব, তিনি যেন এসে শ্বশুরবাড়ি ঘুরে যান?’ এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি। তবে গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ তারা পর্যালোচনা করছে। নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথাও জানিয়েছিল ভারত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক প্রদর্শনী বা বড় ধরনের সমাবেশের পরিস্থিতি তৈরি হোক, তা চায় না বাংলাদেশ সরকার। কারণ, এ ধরনের ঘটনা তার সমর্থকদের নতুন করে সংগঠিত ও উজ্জীবিত করতে পারে।
এরপর কী ঘটতে পারে?
আওয়ামী লীগ জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি পাওয়া যাক বা না যাক, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন।
বাংলাদেশ ও ভারতের দীর্ঘ সীমান্তের অনেক অংশ অরক্ষিত ও আংশিকভাবে অরক্ষিত থাকায় নিয়মিতই অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা ঘটে। তবে পাসপোর্ট না পেলে শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে তিনি বা তার দল এখনো কিছু জানায়নি। তার ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা। গত জুলাইয়ে রয়টার্সকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ফিরলে কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তাকে হত্যা করা হতে পারে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলেও জানিয়েছিলেন। শেখ হাসিনার ভাষায়, ‘মৃত্যু যদি আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই আসুক। যেখানে আমার বাবা-মাকে সমাহিত করা হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছে।’ ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করেন তিনি। তার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মুখে পড়েছেন বলেও উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি হতে পারে?
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। চলতি বছরের নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে দেখা দিয়েছে তীব্র সংকট। ১৭ কোটি ৫০ লাখের বেশি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে শেখ হাসিনা এখনো অত্যন্ত বিতর্কিত ও বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দেশে ফেরা একদিকে যেমন সমর্থকদের নতুন করে সংগঠিত করতে পারে, অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনকে কীভাবে মোকাবিলা করবে, সেই কঠিন প্রশ্নের মুখে পড়বে বর্তমান সরকার। শেখ হাসিনার পক্ষে বড় ধরনের জনসমর্থন প্রদর্শিত হলে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতি থেকে অস্থিরতা ও সহিংসতার আশঙ্কাও রয়েছে।
