‘সরকারের কোনও উপদেষ্টা একবার বলছেন, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব। আবার দুদিন পর বলছেন, সম্ভব নয়। একই ব্যক্তি দুই ধরনের কথা বলছেন।’ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এমন পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এতগুলো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে, তারাও বসে থাকবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।
শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আর্মি গলফ ক্লাব, এসবির সদর দফতরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন এ ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন। সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেককে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে, কাদের গ্রেফতার করেছে, তার কোনও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী রয়েছে। এতগুলো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে ব্যাখ্যা করতে হবে। অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিনেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি করে আবার বিদেশে চলে যাচ্ছেনÑএমন পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারের কোনও উপদেষ্টা কখনও বলছেন, ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব। আবার দুই দিন পরে বলছেন, না, এটা অসম্ভব। একই ব্যক্তি দুই ধরনের কথা বলছেন।’ তিনি বলেন, সুনামগঞ্জের একটি ঘটনা নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি আসামিপক্ষের আইনজীবীর মতো আসামিকে রক্ষার চেষ্টা করেছেন। তিনি ফ্যাসিবাদের পক্ষে, নাকি বিপক্ষেÑতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।
তিনি আরও বলেন, সরকারি দলের একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন, তাঁদের বিপদের দিনে আওয়ামী লীগ সহযোগিতা করেছে। এ ধরনের বক্তব্যে জাতির কাছে কী বার্তা যাচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।’
সরকারের কাছে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না। কারণ, এই দেশ আমাদের সবার।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে।’ সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগও তিনি তুলে ধরেন। ওই ফোনের নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার কোনও গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট বক্তব্য, জবাবদিহি এবং দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।
