রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে শ্যামলীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। রাত ৯টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে কে বা কারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার বলেন, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৯টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
