উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৬

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৬

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার থাইংখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, আহত নুরুলকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। তিনি এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয় একাধিক সূত্র জানায়, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির-সংলগ্ন একটি বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মার্কেট গড়ে তোলেন। সরকার পরিবর্তনের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেটি ভেঙে নতুন করে মার্কেট নির্মাণ করেন। এরপর থেকেই বাজারটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সূত্রপাত। সূত্রগুলোর দাবি, রোববার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণাধীন ওই মার্কেটে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে নুরুলের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হন। পথে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় নুরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে আরও কয়েকজন আহত হন। নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্না অভিযোগ করেন, কিছুদিন আগে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে একটি বৈঠক করা হয়েছিল। ওই বৈঠকে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই পালংখালী ও থাইংখালীসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান ৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান চলছে।