ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। গতকাল ই-মেইলের মাধ্যমে অনুরোধটি পাঠানো হয়। অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে লন্ডনভিত্তিক ল’ ফার্ম (আইনি প্রতিষ্ঠান) ম্যাট্রিক্স চেম্বার্স। দাবি করা হচ্ছে চিঠিটি শেখ হাসিনার। তবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ বাংলাদেশ হাইকমিশন। দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তাদের কাছে ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে একটি চিঠি এসেছে। যেখানে পলাতক শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডি ইস্যু করার অনুরোধ রয়েছে। কিন্তু চিঠিটি যে শেখ হাসিনার তা নিশ্চিত হওয়া যায়নি। কেননা, চিঠিতে হাসিনার অনুমোদনের (অথরাইজেশন) কোনো প্রমাণ নেই। চিঠিটি গতকালই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রথম এই চিঠির খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরাসরি পাসপোর্ট ও এনআইডি দেয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না। একইসঙ্গে ভারতের প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে পাসপোর্ট চেয়ে ‘লজ্জাজনক’ কাজ করেছেন শেখ হাসিনা।
চিঠিতে যা আছে: দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা ওই চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পরিপ্রেক্ষিতে তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে হাইকমিশনের কাছে অনুরোধ জানানো হয়।
যা বলছে পররাষ্ট্র: ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চিঠিটি আদৌ শেখ হাসিনার কিনা তা বোঝার উপায় নেই। কেননা, কারও পক্ষে চিঠি দিলে তার অথরাইজেশন বা অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে চিঠিতে এর কোনো প্রমাণ নেই। রয়টার্সের বরাত দিয়ে গতকাল সকালে প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনের সফর সংক্রান্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। সেখানে ওই অনুরোধের বিষয়ে সরকারের পদক্ষেপের কথা জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে পররাষ্ট্র সচিব মন্তব্য করতে রাজি হননি। পরে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে এ নিয়ে জানতে চাওয়া হয়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি’র জন্য অনুরোধের বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে হস্তান্তর চাওয়া হবে। তিনি সাধারণ কোনো ভ্রমণকারী নন যে, এখানে বেড়াতে আসবেন। বিচারের মুখোমুখি করতেই তাকে বাংলাদেশে প্রয়োজন।
ম্যাট্রিক্স চেম্বার্স সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রথমেই ওই আইনজীবী প্রতিষ্ঠানকে তাদের মক্কেল সম্পর্কে জানতে হবে। হুমায়ুন কবিরের ভাষায়, শেখ হাসিনা একজন সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। বছরের পর বছর মানুষ হত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে দেড় হাজার বা তারও বেশি মানুষ হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষের লুট করা অর্থের লোভে এমন একজন মক্কেলের পেছনে না ছুটে আইনজীবীদের নৈতিক ও নীতিগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে ভালো আইন রয়েছে। দেশটির আইনজীবীদেরও নৈতিক অবস্থান থাকা প্রয়োজন। শুধু অর্থ উপার্জনের সুযোগ হিসেবে এমন একজন মক্কেলকে গ্রহণ না করে তাদের নিজেদের নৈতিক বিচারবোধ প্রয়োগ করা উচিত। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ২০২৫ সালের ডেপ্রিভেশন অব সিটিজেনশিপ অর্ডারস আইনের উল্লেখ করে তিনি বলেন, দেশটির সরকার কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি মনে করলে তাকে অভিবাসন-সংক্রান্ত সুবিধা দেয়া বা যুক্তরাজ্যে পুনরায় প্রবেশের সুযোগ না দেয়ার জন্য আইনটি করা হয়েছে। যে দেশে অবস্থান করছেন, সে দেশের আইন শেখ হাসিনার মতো ব্যক্তিদের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য, তা আইনজীবীদের বোঝা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে সাধারণ কোনো বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে বিবেচনার সুযোগ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বিচার হয়েছে এবং একটি মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। এসব বিচার উন্মুক্ত আদালতে প্রমাণের ভিত্তিতে হয়েছে। এগুলো কোনো ক্যাঙ্গারু কোর্টের বিচার নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডি’র জন্য আবেদন করতে পারেন কিনা, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এসব বিষয় এখানে প্রাসঙ্গিক নয়। শেখ হাসিনা সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তরের জন্যই বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ জানাবে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়া কয়েকজন এমপি’র প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বৃটিশ পার্লামেন্টের ৬৫০ সদস্যের মধ্যে মাত্র ছয়জন এ ধরনের অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাজ্যের অধিকাংশ সংসদ সদস্য নৈতিক অবস্থান নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এত মানুষ হত্যার সঙ্গে জড়িত একজন ব্যক্তির পক্ষে অবস্থান নেয়ার মতো নৈতিক গ্রহণযোগ্যতা বিশ্বে নেই।
রাজনীতিবিদরা যা বলছেন: শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন— এ প্রশ্ন তুলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে। কারও ন্যূনতম লজ্জা থাকলে কেউ পাসপোর্ট চাইতে পারে না। রিজভী আহমদ হাসিনার এই আবেদনকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক দণ্ডিত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা এখনো যাচাই করা যায়নি। তিনি চিঠিটি যাচাই করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চিঠির বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছেন। সালাহউদ্দিন আহমদও প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফেরানোর ওপর জোর দেন।
ওদিকে শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরবে প্রসিকিউশন।
