রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে তারা বিভিন্ন ছক কষে কাজ করছিলেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টদের। এই ছকের অংশ হিসেবে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা তৈরি, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে উস্কানি ও সমর্থন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা এবং প্রতিবেশী দেশের সামরিকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ করে সামরিক হস্তক্ষেপের পথ তৈরির চেষ্টা চালানোর কথা স্বীকার করেছেন। সূত্র জানায়, শেখ হাসিনার একান্ত অনুগত, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ এর সাধারণ সম্পাদক মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার সাম্প্রতিক তৎপরতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাষ্ট্রদ্রোহ মামলায় চারদিনের রিমান্ড জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি।
তদন্ত সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে প্রথমে সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে প্ররোচিত করার চেষ্টা করেন তিনি। সেই চেষ্টা সফল না হলে ভারতকে সামরিকভাবে বাংলাদেশে হস্তক্ষেপের পরামর্শ দেন। সূত্রের দাবি, ভারতের তিন হাজারের বেশি পৃথক কন্টাক্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। এসব যোগাযোগের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা, সামরিক ও রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিরা ছিলেন বলে তথ্য এসেছে। এই যোগাযোগের পেছনে উদ্দেশ্য কী ছিল, কার সঙ্গে কী বিষয়ে আলোচনা হতো এবং কথিত সামরিক হস্তক্ষেপ ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কতোটা এগিয়ে ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে উস্কে দেয়া, আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহার এবং সহিংস পরিস্থিতি তৈরির পরিকল্পনাতেও তার সংশ্লিষ্ট নেটওয়ার্কের ভূমিকা থাকতে পারে। এমনকি অগ্নিসংযোগ, সংঘর্ষ ও শ্রমিকের প্রাণহানির মতো ঘটনা ঘটিয়ে সরকারের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে অর্থের জোগান ও প্রভাব বিস্তারও তার নেটওয়ার্ক দ্বারা সংঘটিত হতে পারে।
হাফিজ ২০০৮ সালের ৬ই সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার এই যোগদান তখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য হন। ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে দলটির মনোনয়ন চেয়েছিলেন খন্দকার আব্দুল হাফিজ। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও তার পরিচিতি রয়েছে।
উল্লেখ্য, গত ৩১শে অক্টোবর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরের দিন ১লা নভেম্বর ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাসহ অন্য আসামিদের সহায়তায় সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উস্কানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’— প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আঃ আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী সংঘটিত অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, আসামি নিজের নামে আইডিসহ বিভিন্ন পেজের সঙ্গে যুক্ত থেকে সহিংসতা ও অস্থিতিশীলতা উস্কে দেয়ার মতো কনটেন্ট তৈরি ও প্রচার করছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধ অর্থায়নের মাধ্যমেও তারা সন্ত্রাসবিরোধী অপরাধে জড়িত।
