একের পর এক ককটেল বিস্ফোরণ, যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের ধরতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা পৃষ্ঠা ৮ কলাম ১
রক্ষাকারী বাহিনী। অভিযান চালিয়ে এমনকি ককটেল বিস্ফোরণের সময়েও হাতেনাতে আটক করা হচ্ছে দুর্বৃত্তদের। তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজন যানবাহন, মেস বাসা এমনকি আবাসিক হোটেলেও। টহলের পাশাপাশি রাস্তায় বাড়ানো হয়েছে পোশাকি পুলিশের উপস্থিতি। গুরুত্বপূর্ণ অন্তত ৫০ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন স্পটে সাদা পোশাকে নজর রাখছে গোয়েন্দা পুলিশ, এসআরবিসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।
সবশেষ গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে লাভলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রংয়ের বাসটি দাউ দাউ করে জ্বলছে আর চাকা গড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছে বাসটি। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। ফার্মগেটে বাসে আগুনের কিছু সময় আগেই তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে পর পর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং শিল্পাঞ্চল থানার সাউথ ইউনিভার্সিটির সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এই ঘটনায় আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঠিক একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুই দফা ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিএসসি এলাকা থেকে কালো ব্যাগে ভরা এক ব্যাগ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের প্র. জামিল নামে দু’জনকে আটক আছে। আর ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। বৃষ্টির মধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ করে। এই ঘটনার কিছুক্ষণ আগে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে এসে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ককটেল ছুড়ে পালানোর সময়ে ফয়সাল ও সুকুমার হালদার নামে দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও। ওই ঘটনায় শ্যামপুর থেকে আরও একজনকে আটক করা হয়। গতকাল সন্ধ্যার পর পলওয়েল জি-গ্যাস স্টেশনের সামনে একটি এবং বিপরীত পাশে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা, কিংবা দোকানগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। গতকাল রাত ৮টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া পদ্মা সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গতকাল সকালে রামপুরা এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল চলাকালে অন্তত ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় পাবনা ঈশ্বরদীর আবু তালেব সরদারের ছেলে শ্রাবণ সরদার ও দিনাজপুরের আকবরের ছেলে রবিন নামে দু’জনকে আটক করে পুলিশ। আটক শ্রাবণ বলেন, খিলগাঁওয়ের সজীব ভাই রোববার রাতে আমাকে ককটেল দিয়ে বলে এটা ফাটিয়ে দিতে। বিনিময়ে ১৫০০ টাকা পাবি। আর এই কাজ না করলে তোর বিপদ হবে। তাই আমি সকালে এই ককটেল বিস্ফোরণ ঘটাই। আর দূর থেকে আমার এই কাজের ভিডিও করে রবিন। বিষয়টি নিয়ে রামপুরা থানার ডিউটি অফিসার রিয়াজ বলেন, সকালে আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হয় এবং সেখান থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক দু’টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সকাল ৭টায় বনশ্রী মেরাদিয়া কাঁচাবাজার বাঁশপট্টি এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণ হয়। ওই ঘটনায় একজন পথচারী আহত হন। এমন একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটেই চলেছে।
এদিকে এসব নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীর রূপনগর এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে আশরাফুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য- আশরাফুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুলকে হাতেনাতে আটক করা হয়। ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি পুলিশ ৫ জন ও এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে দারুস সালাম থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তুরাগ থানা পুলিশও ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মো. বিপ্লব খান নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। বিপ্লব কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি। যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি’র তথ্য বলছে, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় সরাসরি যুক্ত থাকার ঘটনায় ১৫ জনসহ গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৪৯ জনসহ মোট ৫৪১ জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত অর্ধশত মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার রাতেও রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েও রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৬৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনসহ মোট ৫২২ জনকে আটক করে পুলিশ, ডিবি ও এসআরবি’র সদস্যরা। এর আগের দিনও ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এসব বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক জায়গাতেই ককটেল বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই দুর্বৃত্তদের হাতেনাতে আটক করছে আমাদের পুলিশ সদস্যরা। কোথাও আবার অভিযান চালিয়ে আটক করা হচ্ছে। যারা এই সব কাজ করছে তারা সকলেই কার্যক্রম নিষিদ্ধ একটি দলের লোক। কেউ টাকার বিনিময়ে কাজ করছে কেউ আবার ব্যক্তিগত স্বার্থে। এরা মূলত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও বাসে আগুন দিয়ে রাজধানীতে একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। তবে আমরা প্রতিটি ঘটনাই নজরদারিতে রাখছি। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ঘটনার পর পরই তদন্ত করছি। রাস্তায় আগের চেয়ে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশেরা কাজ করছেন। এ ছাড়াও অনান্য বাহিনীও মাঠে আছে। টহল বাড়ানো হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক আসামিও গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীবাসীর প্রতি অনুরোধ, এসব ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে আশপাশে সন্দেহজনক কিছু হলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা নগরবাসীর নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।
