খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. মশিউর রহমান (৫৯) নামের একজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর মিয়াপড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মশিউর নগরীর মিয়াপাড়ার মোজাম্মেল হকের ছেলে ও রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। গুলিবিদ্ধ মশিউর জানান, রাত ৮টার দিকে তিনি নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে পিটিআই মোড়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন যুবক কাউকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়।
হাসপাতালে তার সঙ্গে আসা একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি মোটরসাইকেলে তিনজন ছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা কাউকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউরের বুকের বাম পাশে লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, রাত ৮টার দিকে নগরীর মিয়াপড়া মসজিদের দুর্বৃত্তরা অন্য কাউকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউরের বুকের বাম পাশে বিদ্ধ হয়। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
