দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এঘটনায় পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গওহরডাঙ্গা চৌড়ঙ্গির মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠি সোটা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন।
সেখানে তাঁরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। তখন তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হন। পরে মিছিলটি চৌড়ঙ্গি থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে তারা। সেখান থেকে পূণরায় চৌড়ঙ্গি হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে পুলিশ সদস্যরা তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে। এসময় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আহতেরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে তারা। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে, যানচলাচল স্বাভাবিক রয়েছে। আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
