বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে জেলেদের নৌবন্ধন

ফন্ট সাইজ:

বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের প্রবেশপথ বন্ধ করে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার হাজারো জেলে ও বাওয়ালি। সোমবার বেলা ১১টায় সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ নদীপথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা নৌকা নিয়ে অংশগ্রহণ করেন। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানান— বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাহউদ্দিন লিটন।

বনদস্যু নির্মূলের দাবিতে ইতিমধ্যে টানা ৭দিন ধরে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে, বনজীবীদের অভিযোগ, এত কর্মসূচির পরও সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। ফলে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।