রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে ২৩৫৯ লিটারের বেশি বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার একটি সমন্বিত দল। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় গুলশানের রোড-৪৫-এ অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান শুরু করে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা— সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানের পুরো সময় বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) সার্বিক সহযোগিতা দেয়। সোমবার বিকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মদ এসব তথ্য জানান।
কাস্টমস গোয়েন্দা জানায়, রোববার রাতে গুলশানের রেস্টুরেন্টটিতে প্রায় ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির গোপন গোডাউন থেকে ২৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের মধ্যে রয়েছে ভ্যাট-৬৯, শিভাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গোল্ড লেবেল, কর্ডন ব্লু, জিন ও ভদকাসহ বিভিন্ন ব্র্যান্ডের পানীয়। বিয়ারের মধ্যে রয়েছে হান্টার ও হাইনেকেন ব্র্যান্ডের পণ্য। অভিযানের সময় মদের আমদানি কিংবা স্থানীয়ভাবে ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। তবে জব্দ করা পণ্যের আমদানি, শুল্ক পরিশোধ ও ক্রয়সংক্রান্ত নথি যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস, ভ্যাট ও আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় সংস্থাটি। এ ছাড়া অভিযানকালে মানিলন্ডারিং সংশ্লিষ্ট অপরাধ পেলে তাও খতিয়ে দেখা হবে। অবৈধভাবে আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।
