পাবনায় অবৈধভাবে সার মজুত

দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা, ৩৮১ বস্তা সার জব্দ

ফন্ট সাইজ:

পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে তাদের গুদাম থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়। রোববার দুবলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অপর অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে দুবলিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়াই সার মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠান থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়েছে।
অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একই বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউন থেকে অবৈধভাবে মজুত ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। আর আবদুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।