উখিয়ায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বন বিভাগের স্টাফ ও ইআরটি দলের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, মধুরছড়া এলাকায় বনভূমি দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

একইসঙ্গে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগের তথ্যমতে, কথিত হেডম্যান ইব্রাহীম ও তার ভাই ওমর ফারুক বনভূমি অবৈধভাবে জবরদখলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। আব্দুল মান্নান মানবজমিনকে বলেন, মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। বনভূমি জবরদখলের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।