রংপুরে গ্রাহকের সম্মতি না নিয়ে নেসকো কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ হরতালের ডাক দেবে রংপুর মহানগর নাগরিক কমিটি। রোববার দুপুরে রংপুর আদালত প্রাঙ্গণে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলীসহ ৬ জনকে বিবাদী সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমার শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ।
তিনি বলেন, নেসকো কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি তারা গণশুনানির আয়োজন করে তবে রংপুরে একটি মানুষও প্রিপেইড মিটারের পক্ষে দাঁড়াবে না। এই প্রিপেইড মিটার যাদের যাদের বাড়িতে নেসকো জোরপূর্বক স্থাপন করে এসেছে, খোঁজ নিয়ে দেখেন তারা ক্ষোভের আগুনে জ্বলছে। তারা আমাদের বলেছে, অতিরিক্ত টাকা কেটে নিচ্ছে প্রিপেইড মিটার। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিগত সরকার পতন হয়েছিল একটি ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে। যেখানে প্রথম অংশগ্রহণ শুধুমাত্রা ছাত্রদের ছিল।
কিন্তু এই বাংলাদেশে ৫ কোটিরও বেশি বিদ্যুৎ গ্রাহক রয়েছে, তারা যদি রাজপথে নামে তাহলে সরকার দেশ চালাতে পারবে তো। তিনি বলেন, আজ নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলীসহ ৬ জনকে বিবাদী করে সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমার শুনানি হওয়ার কথা থাকলেও আদালতের নেজারত শাখার সুব্রত রায় নামে এক জারিকারক অজানা কারণে সমন জারি করেননি। যে সমস্যায় পুরো রংপুরবাসী জড়িত, সেটা নিয়ে এমন বেখেয়ালিপনা সত্যিই দুঃখজনক। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহাবুব আলম, সবুজ রায়, সানজিদা আক্তারসহ অন্যরা।
