নড়াইলের কালিয়ায় ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে গর্ভবতী নারীকে মারধর ও তলপেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগে শাশুড়ি নাজমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার কালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে জানা যায়, গত ৩রা সেপ্টেম্বর যৌতুকের টাকা না দেয়ায় রান্নাঘরে ঢুকে একপর্যায়ে তার তলপেটে লাথি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরদিন তার গর্ভপাত হয় বলে মামলার নালিশে উল্লেখ করা হয়েছে।
ধুসহাটি গ্রামের কাকু সেখের স্ত্রী কেয়া আক্তার পরে অসুস্থ হয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। কোর্টে কেয়া আক্তার মামলা করলে বিচারক কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা রুজু করার আদেশ দেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আসামি শাশুড়ি নাজমা আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে।
