কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

ফন্ট সাইজ:

হাওর-সমতলের বৈচিত্র্যময় জেলা কিশোরগঞ্জে পর্যটন খাতের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতির সূচকে অনগ্রসর এ জেলাকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই কিশোরগঞ্জকে একটি পর্যটনবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ^ পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রিক এসব উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। এতে অন্যদের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইন প্রমুখ আলোচনায় অংশ নেন। বক্তারা হাওরে পর্যটকদের জন্য উন্নত হোটেল-মোটেল, নিরাপদ নৌযান ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনাকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন পর্যটন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে বিশ^ পর্যটন দিবসের র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।