খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চাঁদের গাড়ি, চালক নিহত

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী একটি জিপ গাড়ি (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে চন্দন দত্ত (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের (বসুন্ধরা এলাকা) বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। তিনি স্থানীয় ‘এসএস ট্রেডার্স’ নামের আবুল খায়ের কোম্পানির এক ডিলারের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নিহতের চাচা বাবুল দত্ত। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে খাগড়াছড়ি জেলা সদর থেকে বাণিজ্যিক মালামাল বোঝাই করে জিপটি মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আলুটিলার বিপজ্জনক ‘সাপমারা’ পাহাড় অতিক্রম করার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে প্রায় একশ’ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক চন্দন মারা যান এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘সকাল ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও মাটিরাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গাড়িটি গভীর খাদে পড়ে চালক চাপা পড়েছিলেন। আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’ ঘটনাটি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না জানান, আলুটিলার সাপমারা অংশটি অত্যন্ত খাড়া ও গভীর হওয়ায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। দুর্ঘটনায় চালকের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।