পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের ৩ মাথা রাস্তায় বেশ কয়েকদিন ধরেই নানা রকম অস্বাভাবিক ঘটনা ঘটছে- এমন কথিত জ্বিন থেকে গ্রামবাসীকে নিরাপদ রাখতে এলাকাবাসী শনিবার রাতে বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে গ্রামের প্রায় ৬শ’ নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জানায়, কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে বেশ কয়েকদিন আগে এক ব্যক্তিকে রাতের বেলা কোনো এক অজ্ঞাত বস্তু পুকুরের মধ্যে ফেলে দেয়। এ সময় তার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। অপরদিকে রাস্তায় সাপ, বিড়ালসহ বিভিন্ন রকম অস্বাভাবিক বস্তুর দেখা মেলে চলাচলের সময়। আবার চোখের সামনেই এ সকল বস্তু গায়েব হয়ে যায়। এলাকাবাসীর দাবি- এ সকল ঘটনা জি¦ন ঘটাতে পারে। দোয়া পড়ান ছাইকোলা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আশরাফুল ইসলাম।
স্থানীয় ইসমাইল হোসেন জানান, গত কয়েক দিনের এই ঘটনার পর গ্রামের বিভিন্ন মুরুব্বি ও এলাকাবাসী একত্রিত হয়ে গ্রাম থেকে চাল-ডাল উত্তোলন করেন। শনিবার সকাল থেকে খিচুড়ি রান্না ও মিলাদের আয়োজন শুরু করেন। সন্ধ্যার পর প্রায় ৬শ’ গ্রামবাসী মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে তবারক নিয়ে যান। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের আমীর আশরাফুল ইসলাম বলেন, আসলে ইসলামের দৃষ্টিতে জি¦ন-পরী আছে। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অদৃশ্য শক্তির দ্বারা নানা ঘটনা ঘটছিল। এসব ঘটনার পর গ্রামের মুরুব্বি ও স্থানীয়রা একত্রিত হয়ে চাল-ডাল সংগ্রহ করেন। এরপর মিলাদ পড়িয়ে এসব বিপদ থেকে আল্লাহ্র কাছে মুক্তি চাওয়া হয়েছে।
