প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত ঐতিহ্যবাহী শান্ত ও শান্তির এই জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ভূমিকা রাখার কড়া নির্দেশনা দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন মৌলভীবাজারে চাঁদাবাজ, চোরাচালান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সংশ্লিষ্টদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। শান্তিপূর্ণ এ জেলার শান্তি-শৃঙ্খলার ঐতিহ্য বজায় রাখতে এমন ঘোষণা দিয়ে তিনি এ বিষয়ের কড়া নির্দেশনা দেন।
মৌলভীবাজারে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় এই বার্তা দিয়ে সকলকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
সভায় চাঁদাবাজ, চোরাচালান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মৌলভীবাজার জেলার যেসব এলাকায় মাদকের বিস্তার রয়েছে, সেখানে জড়িত ব্যক্তি যে ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রশাসন যদি এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হবে। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের এমপি নাসির উদ্দিন আহমদ মিঠু ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সদস?্য সচিব আব্দুর রহিম রিপন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ।
সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ: এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না। সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যেই তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
