দোকানের ভাড়া চাওয়ায় মোতাওয়াল্লির ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়া পৌরসভা সদরে মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতাওয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও মরহুম হাজী আবদুস ছাত্তারের ছেলে। শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতাওয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস ছাত্তার জামে মসজিদ’র একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন শাহজাহান চৌধুরী নামে এক ব্যক্তি।

তিনি পরবর্তীতে দোকানটি মো. ইমরান নামের এক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া (সাব-লেট) হিসেবে হস্তান্তর করেন। শনিবার রাতে মসজিদের মোতাওয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে প্রথমে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও মোতাওয়াল্লির কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতাওয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে। আহত মোতাওয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগীর নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

মূলত মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেয়ার উদ্দেশ্যেই তারা এ ঘটনা ঘটিয়েছে। তবে শাহজাহান চৌধুরী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী অমি। তিনি দাবি করেন, মোতাওয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হন। আমি তাকে কোনো মারধর বা কিল-ঘুষি মারিনি, তিনি একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবু ছিদ্দিক দাবি করেন- এ সংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে শনিবার রাতে পটিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।