ভেড়ামারার পদ্মা নদী থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৪৮ ঘণ্টা পর ভেসে উঠেছে কৃষকের মরদেহ। রোববার দুপুর ১২টার দিকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ির কাছে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা এবং সুজানগর থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন উদ্ধার অভিযানে থাকা ডুবুরি দল, ফায়ার সার্ভিসের টিম।
গত শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মার চরাঞ্চলে সবজির জমিতে কাজ করে ভেড়ামারার বাড়িতে ফিরছিলেন উজির আলী নামের এক কৃষক। এ সময় ওই নৌকায় তার ছোট ভাই এবং চাচারাও ছিলেন। এ সময় হঠাৎ করেই নৌকা থেকে পড়ে যান তিনি। চোখের পলকে পদ্মার অথৈ জলে হারিয়ে যান।
সে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মণ্ডলপাড়ার মৃত খেজের আলীর পুত্র। নিহতের ছোট ভাই নাজির মণ্ডল জানান, পদ্মা নদীর চরের জমিতে চাষাবাদের কাজ শেষ করে ভেড়ামারায় ফিরছিলেন তারা। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউ ছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেল। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই। এরপর থেকেই স্থানীয় নৌকা, ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করেন।
ভেড়ামারা থানা পুলিশ জানান, রোববার সাড়ে ১১টার দিকে পাবনার সুজানগর সাতবাড়ি এলাকার লোক পদ্মা নদীতে কিছু ভাসতে দেখেন। এরপর সংবাদ দেয়া হয় পুলিশকে। পরে ডুবুরি দলের সহায়তায় পদ্মা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে শনাক্ত করা হয় এটি উজির মণ্ডলের লাশ।
