হিমালয় কন্যাখ্যাত তেঁতুলিয়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘পর্যটন নগরী’ হিসেবে ঘোষণার জোরালো দাবি জানানো হয়েছে। রোববার উৎসবমুখর পরিবেশে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। দুপুরে তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। কর্মসূচির শুরুতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলা এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইএসডিও’র ইকো মহানন্দা কটেজ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় অংশ নেন তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, এনসিপি’র আহ্বায়ক হাবিবুর রহমান, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ও বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার মো. লিটন। বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরান, ভ্যানচালক সমিতির সভাপতি মনসুর আলীসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এস কে দোয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, তেঁতুলিয়া কেবল উত্তরের শেষ জনপদ নয়, বরং এটি বাংলাদেশের সৌন্দর্যের এক আধার। বিশেষ করে বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর ও জিরো পয়েন্টকে কেন্দ্র করে এখানে আন্তঃদেশীয় পর্যটনের সুযোগ রয়েছে। পরিকল্পিত উন্নয়ন হলে এই খাত থেকে বিপুল কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব। আলোচনা সভা থেকে সর্বসম্মতিক্রমে তেঁতুলিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘পর্যটন নগরী’ হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। এ লক্ষ্যে সরকারের নীতি-নির্ধারণী পর্যায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উদ্যোক্তারা।
তেঁতুলিয়াকে ‘পর্যটন নগরী’ ঘোষণার দাবি
পঞ্চগড় প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
