পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষার জন্য জমিতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, পশ্চিম কড়িয়া গ্রামের কৃষক আবু বক্কর তার শসা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব শসা খাওয়ার জন্য ওই জমিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতের মধ্যে বিদ্যুতের তারে প্যাঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
