বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় ৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী বাজারে ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুইতলা বাজার মার্কেট ভবনের উদ্বোধন এবং বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা সড়কে ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রকল্প দু’টি বাস্তবায়ন করছে এলজিইডি বান্দরবান। উদ্বোধনী অনুষ্ঠানে- বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, এলজিইডির (চলতি দায়িত্ব) নির্বাহী প্রকৌশলী দিবাকর রায়, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সা চ প্রু, বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সিনিয়র সহকারী প্রকৌশলী রনী সাহা, বান্দরবান সদর উপজেলা প্রকৌশলী অনুপম সিকদার, রোয়াংছড়ি আলেক্ষ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^নাথ তচঙ্গাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষে রোয়াংছড়ির কচ্ছপতলী বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে পার্বত্যমন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের নিরাপত্তা ও সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পর্যটকদের প্রতি আন্তরিকতা ও ভালো আচরণের মাধ্যমে এলাকার সুনাম বাড়াতে হবে।
বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, দুর্গম পাহাড়ি এলাকার নারী-পুরুষ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎপাদিত বিভিন্ন জাতের পাহাড়ি ফলমূল, শাকসবজি ও কৃষিপণ্য এই বাজারে সরাসরি বিক্রির সুযোগ সৃষ্টি হবে। এতে পাহাড়ের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা কমবে।
