খুলনায় এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরকার (৫৫)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল।
শনিবার রাত ১১টার দিকে এসআরবি-৬, সদর কোম্পানি ও এসআরবি-৮, সদর কোম্পানির যৌথ আভিযানিক দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এ সময়ে খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদার (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃত জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। জানা গেছে, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একইসঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।