দুইদিনে ২১ জেলে অপহৃত

পূর্ব সুন্দরবনে জেলেদের মাঝে আতঙ্ক

ফন্ট সাইজ:

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। এ নিয়ে গত দুইদিনে ২১ জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মহাজনদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, শনিবার দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বহরে অজ্ঞাত পরিচয়ের বনদস্যুরা হামলা করে প্রতি নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এর মধ্যে ১০ জেলের নাম জানা গেছে। অপহৃত জেলেরা হলেন- আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদৌস (২৮), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯) অপহৃত জেলেদের বাড়ি খুলনা, বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায় বলে জানা গেছে, এ সকল জেলে বনবিভাগের পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিল বলে ওই ফরেস্ট রেঞ্জার জানান।

মোংলার একজন জেলে মহাজন জানান, শনিবার গভীর রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনী সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে। অপহৃত এই জেলেরা হলেন, মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারাদার (২৮) ও ইমদাদুল ইজারাদার (৩০)। এ ছাড়া মজনু বাহিনী গত ২৬শে সেপ্টেম্বর মুক্তিপণের দাবিতে ৪ জেলেকে অপহরণ করেছে। এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার একজন কর্মকর্তা বলেন, সুন্দরবনে জেলে অপহরণের খবর তাদের জানা নেই। তবে বিষয়টির খোঁজখবর নিবেন বলে তিনি জানান।