সিলেট চেম্বারের দ্রুত নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বারের দ্রুত নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

ফন্ট সাইজ:

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ই নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সিলেট ব্যবসায়ী ফোরাম। গতকাল দুপুরে নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার ভবনের সামনে উপস্থিত হয়ে ফোরামের নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। প্রতিক্রিয়ায় ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ বলেন, বারবার নির্বাচন স্থগিত হওয়ায় ঐতিহ্যবাহী এই শীর্ষ বাণিজ্যিক সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে নিরপেক্ষ ও সার্বজনীন নির্বাচন আয়োজনের স্বার্থে সরকার কর্তৃক নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তটিকে তারা পর্যবেক্ষণ করছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও হালনাগাদ করে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। একজন ব্যবসায়ী হিসেবে তার নেতৃত্বে চেম্বারের নিরপেক্ষতা ও আস্থা ফিরে আসবে এবং প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে তারা বিশ্বাস করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলীমুল এহছান চৌধুরী, প্রেসিডেন্ট পদপ্রার্থী জুবায়ের রাকিব চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কবির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নুরুল আলম, সদস্য সচিব মো. আব্দুল কাদির, অর্ডিনারি পরিচালক পদপ্রার্থী মাজহারুল ইসলাম, শামসুর রহমান কামাল, কামরুল হামিদ, তাজুল ইসলাম, হাফিজুর রহমান, সৈয়দ আব্দুল হামিদ, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, মুক্তাদির ফাহাদ, এসোসিয়েট পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রেহান, ইব্রাহিম খলিল, মামুনুর রশিদ মামুন, ফারেছ আহমেদ সহ সিলেট ব্যবসায়ী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী সদস্যবৃন্দ।