কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে প্রথমে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে সমাধান করা হয়। তবে সেখান থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আবারো দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে প্রকৌশল অনুষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তাদের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা আবারো ধাওয়া করে দত্ত হলে নিয়ে যায়। সেখানে হলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের মারামারি হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, মারামারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘সকালে বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। এরপরও ক্যাম্পাস গেটে ও দত্ত হলে গিয়ে আবারো মারামারি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণ করা ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করবো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’