শায়েস্তাগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এডিস মশার বিস্তারে আতঙ্কিত হয়ে পড়েছেন পৌরবাসী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশার উপদ্রব আর সন্ধ্যার পর এডিস মশার আতঙ্কে অনেকটা বন্দিজীবন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ওষুধ ছিটানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং কার্যকর পরিচ্ছন্নতা কার্যক্রমে ঘাটতি রয়েছে। কোথাও কোথাও মশক নিধন অভিযান চালানো হলেও তা নিয়মিত নয়। ফলে একদিকে বাড়ছে মশার উপদ্রব, অন্যদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসাবাড়ির আশপাশে, ড্রেন, নালা, পরিত্যক্ত জায়গা ও নির্মাণাধীন স্থাপনায় পানি জমে রয়েছে। এসব স্থানে মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। পৌর শহরের দাউদনগর, স্টেশন সংলগ্ন এলাকা, মহলুল সুনাম, চরনূর আহম্মদ, লেঞ্জাপাড়া, কলিমনগর, তালুগড়াইসহ বিভিন্ন এলাকায় মশার উপদ্রব নিয়ে অভিযোগ করেছেন বাসিন্দারা। বিশেষ করে বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মশক নিধন কার্যক্রমে নিয়মিত তদারকি না থাকায় অনেক সময় ওষুধ ছিটানোর কার্যক্রম কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে। কোনো কোনো এলাকায় একদিন অভিযান চালানোর পর দীর্ঘদিন আর মশক নিধন কার্যক্রমের দেখা মেলে না।
