নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

নওগাঁ বাসস্ট্যান্ডে সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালকের মধ্যে বিরোধের জেরে শনিবার দুপুরে পত্নীতলার নজিপুরে সিএনজি শ্রমিকদের হাতে মারপিটের শিকার হন বাসচালক রুবেল আহমেদ। বাসচালক রুবেলকে মারপিটের প্রতিবাদে এবং রুবেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকাল ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস শ্রমিকরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ সিএনজি মালিকদের। ফলে সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাতায়াতকারী যাত্রীরা। বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশা টমটমে গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বাস শ্রমিকরা জানান, যত্রতত্র সিএনজিতে যাত্রী উঠানো, কোনো নিয়ম না মানা, বাস শ্রমিকদের ওপরে হামলা ও নিরাপত্তাহীনতার কারণেই জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সিএনজিচালকরা বাসচালক রুবেলকে এমনভাবে মারধর করেছে তাকে বর্তমানে গুরুতর অবস্থায় রাজশাহী কলেজে চিকিৎসা নিতে হচ্ছে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার চাই। এদিকে সিএনজি মিশুক বেবিট্যাক্সি ও ট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল তানভীর জানান, বাসচালকরা রাস্তায় চেকপোস্ট বসিয়ে সিএনজিচালকদের নানাভাবে হয়রানি করে আসছে। প্রতিবাদ করলেই তারা মারধর করে।

শনিবার দুপুরে নজিপুরে দু’পক্ষের মধ্যেই মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মহাদেবপুর পত্নীতলা বদলগাছি ও নওগাঁ সদরে প্রায় আটাশটির মতো সিএনজি ভাঙচুর করা হয়েছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক দেবাশীষ বলেন, সিএনজিচালকদের হাতে বাসচালক রুবেল আহত হবার পর নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, এ বিষয়টি নিয়ে বিকালে আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। আমি আশা করছি আলোচনা বৈঠকে পরিস্থিতির সুষ্ঠু সমাধান সাপেক্ষে বাস চলাচল শুরু হবে।