চিতলমারীতে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

চিতলমারীতে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্তবর্তী মোল্লাহাটের কচুরিয়া গ্রাম থেকে মুসলিমা নামের ৭ বছরের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের চিতলমারী-মোল্লাহাট সীমান্তবর্তী কচুরিয়া মধ্যপাড়া এলাকার একটি পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় মুসলিমার মরদেহ উদ্ধার করা হয়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুসলিমা মোল্লাহাট উপজেলার কচুরিয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। শিশুটির লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা পানের বরজের মালিক জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে মুসলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটির পরিবার ও স্বজনরা আশেপাশে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টার দিকে কচুরিয়া মধ্যপাড়া মো. জাহাঙ্গীর শেখের পানের বরজের পাশে পলিথিন মোড়ানো গলাকাটা বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।