কিশোরগঞ্জ কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে খাইরুল আমিন রুহুল সরকার (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মারা গেছেন। রোববার ভোররাতে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খাইরুল আমিন রুহুল সরকার জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তিনি কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেলার নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বেলা ১১টার দিকে খাইরুল আমিন রুহুল সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, গত ৮ই সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় কটিয়াদী থানা পুলিশ রুহুল সরকারকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।