ডারউইনে দারুণ জয়ের পর ম্যাকাইয়ে ভুলে যাওয়ার মতো পারফর্মেন্স করলো বাংলাদেশ। দ্বিতীয় দিন ইনিংস ও ৫১ রানে হেরে গেল টাইগাররা। বাংলাদেশের ক্রিকেটে দুই দিনেই টেস্ট হার দেখা গেল প্রথমবারের মতো। তবে আইসিসি থেকে বড় সুখবর পেলো নাজমুল হোসেন শান্তরা। এর আগে একপেশে দাপট দেখিয়ে সফরের শুরু করে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথমবার তাদের মাটিতে হারানোর সুবাদে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইতিহাসের সেরা অবস্থানে উঠেছে তারা।
ম্যাকাই টেস্ট শেষ হতেই আজ দলীয় টেস্ট র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। বর্তমানে নাজমুল হাসান শান্তদের রেটিং পয়েন্ট ৭৮। এক ধাপ করে নেমে গেছে শ্রীলঙ্কা (৭), পাকিস্তান (৮) ও ওয়েস্ট ইন্ডিজ (৯)।
