নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের (তথ্য মন্ত্রণালয়) দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের (নিয়ন্ত্রণ) দিকে না যাই।’
রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের ইচ্ছা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা।’
তিনি বলেন, ‘আরেকটা মাথায় রাখতে হবে, আমরা যাই করবো, যত আমরা সিদ্ধান্ত নিই আমরা চাই যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়।’
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
নতুন দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
