বৃটেনে উল্টো পথে ছুটে আসা একটি প্রাইভেট কারের সাথে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে এ৬৬ ডুয়েল ক্যারেজওয়েতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
পুলিশ ও উদ্ধারকারী সংস্থা জানায়, কিশোর বয়সী পাঁচ আরোহী নিয়ে একটি ফোক্সওয়াগন প্যাসাট গাড়ি দ্রুতগতিতে সড়কের ভুল পাশ দিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে নিয়মতান্ত্রিকভাবে আসা ক্লিভল্যান্ড পুলিশের একটি সশস্ত্র টহল যানের সাথে গাড়িটির সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা সাতজনের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত পুলিশ সদস্যরা হলেন ৩৭ বছর বয়সী কনস্টেবল ম্যাথিউ ব্লেডস এবং ৩৮ বছর বয়সী কনস্টেবল টম ক্লিফ।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা বিভাগের একাধিক দল পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ও স্থানীয় মেয়র বেন হাউচেন দায়িত্ব পালনকালে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট (আইওপিসি) জানিয়েছে, দুর্ঘটনার কিছু সময় আগে গাড়িটির পিছু নিয়েছিল পুলিশ, তবে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে সেই ধাওয়া শেষ হয়েছিল কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
