আমাদের শরীর নানা উপায়ে তার সমস্যার জানান দেয়। তার মধ্যে একটি চোখে পড়ার মতো লক্ষণ
হলো পা ফুলে যাওয়া—যা চিকিৎসা পরিভাষায় “Peripheral Edema” নামে পরিচিত। অনেকেই এটিকে
অতি সাধারণ কিছু মনে করে অবহেলা করেন, কিন্তু এই ফোলা হতে পারে শরীরের অভ্যন্তরীণ জটিল
সমস্যার প্রতিচ্ছবি।
দুই পা ফুলে যাওয়া:
আমাদের শরীরে তরল বা ফ্লুইড রক্তনালির মাধ্যমে কোষ ও টিস্যুতে সুনিয়ন্ত্রিতভাবে চলাচল করে।
যখন এই ভারসাম্য বিঘ্নিত হয়, অর্থাৎ রক্তনালির বাইরে তরল জমতে শুরু করে,তখনই এডিমা বা
ফোলা দেখা দেয়।
দুই পা ফোলা সাধারণত সিস্টেমিক (সারা শরীরজুড়ে) সমস্যার ইঙ্গিত দেয়। নিচে এই সম্পর্কে
সংক্ষিপ্ত আলোচনা করা হলো।
১। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া:
হৃদপিণ্ড যদি রক্ত যথাযথভাবে পাম্প করতে না পারে, তাহলে পা ও নিচের অংশে রক্ত জমে গিয়ে
ফোলা তৈরি করে (যেমন Congestive Heart Failure)।
২। অনকোটিক প্রেশার কমে যাওয়া:
রক্তে অ্যালবুমিন নামক প্রোটিন কমে গেলে টিস্যুতে তরল ধরে রাখার ক্ষমতা কমে যায় (যেমন
Nephrotic Syndrome, Liver Cirrhosis)। ফলে পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়।
৩। লিম্ফ্যাটিক ড্রেনেজ ব্যাহত হওয়া:
শরীরের লিম্ফ নালি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা সঠিকভাবে কাজ না করে, তাহলে ফ্লুইড সরে
যেতে না পেরে পায়ে জমা হতে পারে (Lymphedema)।
৪। সোডিয়াম ও পানি ধারণ:
কিডনির সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে শরীরে অতিরিক্ত লবণ ও পানি জমে থাকতে
পারে, যার ফলেও দুই পা ফোলার ঝুঁকি বাড়ে।
দুই পা ফুলে যাওয়ার সাধারণ ও রোগজনিত কারণসমূহ
সাধারণ কারণ:
১। দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকা (যেমন দীর্ঘ ভ্রমণ)
২। গর্ভাবস্থা
৩। অতিরিক্ত লবণ খাওয়া
৪। শিরা দুর্বল হওয়া (Chronic Venous Insufficiency)
রোগ সংশ্লিষ্ট কারণ:
১। হৃদরোগ: Congestive Heart Failure (CHF): দুই পা, পায়ের পাতা ও গোড়ালিতে ধীরে ধীরে ফোলা হয়।
২। কিডনি রোগ: Nephrotic Syndrome, Chronic Kidney Disease (CKD)
৩। লিভার রোগ: Cirrhosis of Liver: অ্যালবুমিন কমে যায়, ফলে পা ও পেটে পানি জমে (Ascites)।
৪। থাইরয়েডের সমস্যা: হাইপোথাইরয়ডিজমে মিক্সিডিমা হয়, যা পা ফুলার একটি গুরুত্বপূর্ণ কারণ।
৫। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া:
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার (যেমন Amlodipine)
স্টেরয়েড, NSAIDs
হরমোনাল থেরাপি
এক পা ফুলে যাওয়ার প্রধান কারণসমূহ:
১. DVT বা Deep Vein Thrombosis:
সবচেয়ে ভয়ংকর কারণগুলোর একটি হলো ডিপ ভেইন থ্রোম্বোসিস, যেখানে পায়ের গভীর শিরায় রক্ত
জমাট বাঁধে। এটি যদি ফুসফুসে ছড়িয়ে পড়ে (পালমোনারি এম্বোলিজম), তবে জীবনসংকট হতে পারে।
সাধারণত পা ফোলা, ব্যথা ও লালচে ভাব দেখা দেয়।
২. ইনফেকশন বা সংক্রমণ:
পায়ের ত্বকে ব্যাকটেরিয়াল সংক্রমণ (যেমন সেলুলাইটিস) হলে পা লাল, উষ্ণ ও ফুলে যেতে পারে।
ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সংক্রমণ আরও গুরুতর হতে পারে।
৩. লিম্ফেডিমা:
লিম্ফ নালীর সমস্যা হলে লসিকা তরল পায়ে জমে এক পা ফুলে যেতে পারে। এটি দীর্ঘমেয়াদী ও
চিকিৎসাসাপেক্ষ অবস্থা।
৪. শিরার দুর্বলতা (Venous insufficiency):
যখন শিরা সঠিকভাবে রক্ত ফেরত পাঠাতে পারে না, তখন রক্ত নিচে জমে গিয়ে পা ফুলে যায়। এটি
সাধারণত ধীরে ধীরে হয়।
৫. আঘাত বা মোচড়:
পায়ে হালকা বা গুরুতর আঘাতও পেশির ফোলা ও প্রদাহ সৃষ্টি করতে পারে, যা সাময়িকভাবে পা ফুলে
যাওয়ার কারণ হতে পারে।
৬. টিউমার বা সিস্ট:
কখনো-কখনো কোনো গাঁট বা টিউমার পায়ের নির্দিষ্ট অংশে চাপ দিয়ে রক্ত চলাচল ব্যাহত করে
ফোলার কারণ হতে পারে।
সতর্ক হবেন কখন?
১। ফোলা হঠাৎ শুরু হলে ও দিনে দিনে বাড়তে থাকলে।
২। ফোলার সাথে শ্বাসকষ্ট, ক্লান্তি, বুক ধড়ফড় থাকলে।
৩। ফোলা খুব শক্ত ও চাপ দিলে গর্ত পড়ে থাকে।
৪। মুখ, চোখ, পেট, বা হাতও ফুলে গেলে
৫।প্রস্রাব কমে গেলে
করনীয় :
সাধারণ ব্যবস্থাপনা:
১।পা উঁচু করে শোয়া (Elevation)।
২।লবণ ও পানি নিয়ন্ত্রণ।
৩।হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি।
৪।মোজা বা কমপ্রেশন স্টকিং ব্যবহার।
প্রয়োজনীয় পরীক্ষা:
১। রক্ত পরীক্ষা (Creatinine, Urea, Electrolytes, Albumin, TSH)
২। প্রস্রাব পরীক্ষা (Proteinuria)
৩। ইসিজি, একোকার্ডিওগ্রাম
৪। লিভার ফাংশন টেস্ট
৫। আল্ট্রাসনোগ্রাফি (Abdomen & KUB)
যা করবেন না:
১।নিজের ইচ্ছেমতো ডায়ুরেটিক (যেমন ফ্রুসেমাইড) খাওয়া বিপজ্জনক হতে পারে।
২।শুধুমাত্র মলম বা ম্যাসাজ দিয়ে উপশমের চেষ্টা না করে মূল কারণ অনুসন্ধান করতে হবে।
৩। আবশ্যিক ভাবে টোটকা চিকিৎসা পরিহার করতে হবে।
শেষ কথা
পা ফুলে যাওয়া একটি সাধারণ শারীরিক লক্ষণ হলেও, এর আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল হার্ট,
কিডনি কিংবা লিভারের রোগ। তাই একে অবহেলা না করে, সময়মতো সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও
চিকিৎসা গ্রহণ করা জরুরি।
স্বাস্থ্য মানেই সচেতনতা — সময়মতো জানুন, আগেভাগে প্রতিরোধ করুন।
লেখক
অধ্যাপক ডা. মো. মাকসুদুর রসুল
মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ
চেম্বার: আলোক হাসপাতাল, মিরপুর-৬
হটলাইন: ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯
পা ফুলে যাওয়া: শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
অধ্যাপক ডা. মো. মাকসুদুর রসুল
শরীর ও মন
১৫ মিনিট আগে
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬, ৮ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
