চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এর প্রধান ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলীর দৌলতপুর এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বিপুলসংখ্যক বেকার যুবক থাকা সত্ত্বেও কেইপিজেডসহ আশপাশের শিল্পকারখানায় নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক এনে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। নিজেদের এলাকার শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
তাদের দাবি, স্থানীয়দের জমি ও এলাকার ওপর গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে প্রথমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। শিল্পায়নের সুফল এলাকার মানুষকেও দিতে হবে।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় যুবক মো. সালাম বলেন, ‘একটি চাকরির আশায় আমরা বছরের পর বছর ধরে ঘুরছি। অথচ নিজেদের এলাকায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্মসংস্থানের অভাবে এলাকার অনেক যুবক হতাশ হয়ে পড়ছে। এর প্রভাবে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে। তাই স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে স্থানীয়দের কর্মসংস্থানে কয়েকটি উদ্যোগের কথা জানিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। তিনি জানান, কর্ণফুলীর বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কেইপিজেডে চাকরির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসন ও কেইপিজেড কর্তৃপক্ষ যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে।
ইউএনও বলেন, যেসব নারীর চাকরির প্রয়োজন, কেইপিজেড কর্তৃপক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অভিজ্ঞতার অভাবে যারা চাকরি পাচ্ছেন না, তাদের উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে যোগ্যতাভিত্তিক সিভি তৈরি করে কেইপিজেড কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। পদ শূন্য হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের মধ্যে যাদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, তারা সিভি জমা দিলে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে। শুধু আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরাই নন, কর্ণফুলী উপজেলার সব যোগ্য চাকরিপ্রত্যাশী এ উদ্যোগের আওতায় আসবেন।
আনোয়ারা থেকে আসা চাকরিপ্রত্যাশীদের বিষয়েও আশ্বাস দিয়ে ইউএনও বলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে একই আদলে সেখানে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। আনোয়ারার চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে কেইপিজেড কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
ইউএনও বলেন, কেইপিজেড দেশের গুরুত্বপূর্ণ শিল্পসম্পদ। এ শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন। তবে কর্ণফুলী উপজেলার বেকার যুবক-যুবতীদের নিয়োগে অগ্রাধিকার দেয়ার বিষয়ে কেইপিজেড কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এ ক্ষেত্রে কোনও অজুহাত গ্রহণ করা হবে না।
