লাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

লাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফন্ট সাইজ:

কুমিল্লার লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার লাকসাম স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে লাকসামে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ, মনোহরগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণের মাধ্যমে নতুন স্টেডিয়াম প্রতিষ্ঠা এবং কুমিল্লা জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার ঘোষণাও দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লায়লী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে লাকসাম উপজেলা প্যানেল ও মনোহরগঞ্জ উপজেলা প্যানেলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই উপজেলার খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে প্রাণবন্ত ক্রীড়ামুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।