সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলা-আগুন

দাবি হুতিদের

সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলা-আগুন

ফন্ট সাইজ:

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রাস তানুরা শোধনাগার ও রাজধানী রিয়াদের অর্থনৈতিক এলাকায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার পর রাস তানুরা শিল্পাঞ্চলের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে স্যাটেলাইট ছবিতে।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, রাস তানুরা তেল শোধনাগারে হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। একই সঙ্গে রিয়াদের অর্থনৈতিক এলাকাকে তিন ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান তিনি।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার। এটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় চারটি ড্রোন ধ্বংস করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অগ্নিকাণ্ড শনাক্তকরণ ব্যবস্থায় রাস তানুরা শিল্পাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির তথ্য ধরা পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত স্যাটেলাইট ছবিতেও ওই এলাকার ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
রয়টার্সের ধারণা, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকার বিস্তৃতি প্রায় ৬০০ বর্গকিলোমিটার বা ২৩০ বর্গমাইল।
তবে হুতিদের হামলার দাবি এবং শোধনাগারে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।