গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে চালানো হামলায় প্রাণ হারান মোহাম্মদ আবুলুফ। তিনি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসাকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টার মধ্যে হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে লক্ষ্য করে এটি ছিল ইসরাইলের দ্বিতীয় হামলা। এর আগে মঙ্গলবার হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধান নাঈম আবু নাহেলকে হত্যা করে ইসরাইলি বাহিনী।
এক বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির দাবি, এসব হামলার লক্ষ্য হামাস। তবে এতে বহু বেসামরিক মানুষও নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনে নেয়া বৃহত্তর যুদ্ধবিরতি পরিকল্পনাও সহিংসতা বন্ধ করতে কিংবা হামাসকে নিরস্ত্র করতে পারেনি।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে গাজা সিটির পশ্চিম উপকূলের কাছে বিচ শরণার্থীশিবিরে আবুলুফের অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরাইলি বিমান।
এতে তিনি, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হন। পরে সকালে গাজা সিটির উত্তরাঞ্চলের কারামা এলাকায় আরেকটি বিমান হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় ‘বেশ কয়েকজন সামরিক অপারেটিভকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বক্তব্য দেয়া হবে বলেও জানায় তারা।
মঙ্গলবার হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধান নাঈম আবু নাহেল নিহত হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশের ‘দীর্ঘ হাত’ থেকে হামাসের পালানোর কোনো সুযোগ নেই।
