পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

ফন্ট সাইজ:

পাকিস্তান ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথ। আজ আনুষ্ঠানিকভাবে তার দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে তারৌবা টেস্টে শোচনীয় ব্যাটিং ধসের পর থেকেই একটি স্থায়ী ও বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজন ছিল পাকিস্তানের। এরই প্রেক্ষিতে ৪৬ বছর বয়সী স্মিথকে লাল বল এবং সাদা বল- উভয় ফরম্যাটের জন্যই এই দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১৯শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি স্মিথ। তবে কোচিং ক্যারিয়ারে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। লেভেল-৪ কোয়ালিফাইড এই কোচ এর আগে পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং মুলতান সুলতানসে কাজ করার সুবাদে পাকিস্তানি ক্রিকেটের সংস্কৃতি সম্পর্কে ভালোমতোই পরিচিত স্মিথ। এছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও তার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

খেলোয়াড় হিসেবে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণি, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব ফরম্যাট মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি নিয়ে তার সংগ্রহ ৭,০২৯ রান।
দায়িত্ব নিয়েই বড় এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে স্মিথকে।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ধারাবাহিক ব্যাটিং বিপর্যয় এবং অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে টানা আটটি অ্যাওয়ে টেস্ট হারে বিপর্যস্ত দলটিকে ছন্দে ফেরানোই হবে তার প্রধান কাজ। পিসিবি আশা করছে, স্মিথের অভিজ্ঞতা পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা দূর করে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন