ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরে একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের পরিচালিত ড্রোন হামলায় নাজরান বিমানবন্দরের একটি “সংবেদনশীল সৌদি লক্ষ্যবস্তু” সফলভাবে আঘাত করা হয়েছে এবং হামলাটি “নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে”।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি বাহিনী সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় ড্রোন ব্যবহার করে বারবার ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করেছে। আমাদের এই হামলা তারই জবাব।
হুতিদের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ড্রোন তৎপরতার প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা হামলার দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। ফলে হামলার ক্ষয়ক্ষতি বা এর প্রকৃত প্রভাব সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
