যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) জাতীয় অপরাধ তথ্যভাণ্ডারে সাইবার হামলা হয়েছে। দেশটির কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান মাধ্যম এই তথ্যভাণ্ডার। এ ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই। তদন্ত সম্পর্কে অবগত দু’জন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। অনলাইন সিএনএন এ খবর দিয়ে বলছে, সম্প্রতি কয়েক মাসের মধ্যে এফবিআইয়ের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় এটি দ্বিতীয় সাইবার হামলা। হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে এফবিআইয়ের ‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার’ (এনসিআইসি)।
দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এই ডাটাবেজ ব্যবহার করে গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধসংক্রান্ত তথ্য এবং ব্যক্তির অতীত রেকর্ড যাচাই করে থাকে।
সাম্প্রতিক দিনগুলোতে এই অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত করা হয়েছে। এমন এক সময়ে ঘটনাটি ঘটল, যখন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানে ধারাবাহিক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। এসব ঘটনায় দেশের সাইবার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সেই উদ্বেগ প্রশমনের চেষ্টা করছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এফবিআই।
বৃহস্পতিবার সর্বশেষ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে জানার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে হাজির হন। সেখানে তিনি সংস্থাটির সাইবার নিরাপত্তা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন। এ সময় কয়েক মাস আগে সম্পন্ন হওয়া ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়েও কথা বলেন প্যাটেল। ওই অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থার নিরাপত্তা হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে না পারে। তবে প্যাটেল অভিযানটিকে এখনো চলমান বলে উল্লেখ করেন। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রযুক্তিগত ব্যবস্থাগুলো হালনাগাদ করার জন্য বর্তমান প্রশাসনের প্রশংসা করেন তিনি। প্যাটেল বলেন, আগের প্রশাসনগুলোও এসব হালনাগাদ করতে পারত, কিন্তু তারা তা করেনি। আমরা সব সময় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছি এবং হারানো সময়ের ক্ষতি পুষিয়ে নিচ্ছি।
এফবিআইয়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় সাম্প্রতিক এই হামলার আগে গত সেপ্টেম্বরেও বড় ধরনের তথ্য চুরির ঘটনা ঘটে। ‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে সংস্থাটির কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে কানাডার একজন সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে। শাইনি হান্টার্সের সাইবার হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সিএনএন এর আগে জানিয়েছিল, ওই তথ্য চুরির ঘটনার পর এফবিআইয়ের অনেক কর্মীই অন্ধকারে ছিলেন। তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাননি তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য যে নিরাপত্তা সহায়তা দেয়া হচ্ছিল, তা নিয়েও অসন্তোষ ছিল।
এর আগে ২০২৩ সালেও এফবিআইয়ের একটি কম্পিউটার ব্যবস্থা হ্যাক হয়। নিউ ইয়র্কের আঞ্চলিক কার্যালয়ে শিশুদের যৌন নিপীড়ন ও শোষণসংক্রান্ত তদন্তে ব্যবহৃত একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা। সিএনএনের আগের এক প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যবস্থার মধ্যে জেফরি এপস্টেইন তদন্তসংশ্লিষ্ট ছবি সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সিস্টেমও ছিল। পরপর এসব সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
