ব্রাজিল তথা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার রবার্তো কার্লোস। সেলেসাওদের হয়ে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন। ব্রাজিল প্রবাসী ও নেইমার জুনিয়রের কাছের বন্ধু হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ভিডিও বার্তায় লাল-সবুজের এই দেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানান ‘দ্য বুলেট ম্যান’ খ্যাত কার্লোস।
ভিডিও বার্তায় নিজের পছন্দের দেশের কথা বলতে গিয়ে কার্লোস প্রথমে পর্তুগিজ ভাষায় এবং পরে ইংরেজিতে বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।’ দীর্ঘ এক দশক রিয়াল মাদ্রিদে কাটানো এই তারকা ব্রাজিলের পর স্পেন এবং এরপরই বাংলাদেশকে নিজের আপন ভুবন বলে উল্লেখ করেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ব্রাজিল দলের প্রতি অন্ধ সমর্থন বিশ্বজুড়ে সমাদৃত। ২০২২ কাতার বিশ্বকাপের পর উত্তর আমেরিকা বিশ্বকাপেও সেলেসাও ফুটবলারদের মুখে বাংলাদেশের নাম শোনা গেছে। কিছুদিন আগে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিও ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদের মধ্যে ভাগ করে দেখেন।
উত্তর আমেরিকা বিশ্বকাপে শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এখন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তির অধীনে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন সময়ে কার্লোসের মুখ থেকে বাংলাদেশের নাম শোনা দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক ভিন্ন আনন্দের উপলক্ষ এনে দিয়েছে।
