থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্রভাবে দোল (টার্বুলেন্স) খেয়েছে। এতে বিমানের ভিতরের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় দুই কেবিন ক্রুসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। টার্বুলেন্সের কারণে বিমানেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার এআই৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে দিল্লি যাওয়ার পথে ক্রুজিং উচ্চতায় থাকাকালে স্বল্প সময়ের জন্য টার্বুলেন্সের মুখে পড়ে। এতে বিমানের উচ্চতায় সাময়িক পরিবর্তন ঘটে। বিমানটি পরে নিরাপদে দিল্লিতে অবতরণ করে এবং সব যাত্রী ও ক্রু নিরাপদে নেমে যান। ফ্লাইটটিতে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এ পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে অল্পসংখ্যক যাত্রী ও ক্রু সদস্য, যারা সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসা মূল্যায়নের প্রয়োজন ছিল, তাদের সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে।
অবতরণের পর এক যাত্রী জানান, বিমানের উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় অনেকেই আঘাত পান। তিনি বলেন, হঠাৎ করেই বিমানের উচ্চতা অনেকটা নিচে নেমে যায়। এতে আমার মাথা কেবিনের ছাদে আঘাত করে, এরপর আমি নিচে পড়ে যাই। কয়েকজন যাত্রীর শরীরে আঘাতের চিহ্ন এবং মাথায় সামান্য চোট লেগেছে বলে জানা গেছে। এয়ার ইন্ডিয়া বলেছে, আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে এবং ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।
