পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে রোববার লাহোরে জরুরি সভা ডাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। গণমাধ্যমের খবর, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ফের সরকার প্রধানের সঙ্গে কথা বলবেন নাকভি। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আইসিসিকে তিনটি শর্ত বেঁধে দিয়েছে পিসিবি। তবে সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ হওয়া শর্ত তিনটিতে রয়েছে ভিন্নতা।
এনডিটিভির প্রতিবেদনে উঠে আসা শর্ত তিনটি বাংলাদেশকেন্দ্রিক। সূত্রের খবর অনুযায়ী, পিসিবি আইসিসি কর্মকর্তাদের বলেছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ ফি প্রদান করতে হবে এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দিতে হবে। অন্যদিকে, টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে হিন্দুস্থান টাইমস বলছে, পিসিবি’র প্রথম শর্ত লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি। আইসিসি থেকে পাকিস্তান বর্তমানে যে অর্থ পায়, সেটি তারা আরও বেশি পরিমাণে চায়। দ্বিতীয় শর্ত, ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ চালু। ২০১৩’র পর থেকে দু’দেশ একে অপরের বিরুদ্ধে কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলে না, এবং সেটি ভারতের অনাগ্রহে। পাকিস্তানের চাওয়া, দু’দেশ আবার সিরিজ খেলবে। ২০২৫ এশিয়া কাপে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলানো থেকে বিরত থাকেন। এ ধরনের আচরণ দেখতে চায় না বলে জানিয়েছে পাকিস্তান। এটি তাদের তৃতীয় শর্ত। গণমাধ্যমে প্রকাশিত শর্তগুলোর ভিন্নতা থাকায় আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত সংশয় থাকছেই।
বাণিজ্যক দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অনুমিতভাবেই ভারত-পাকিস্তান ম্যাচটি। এ নিয়ে চলমান দ্বন্দ্ব কাটাতে রোববার পিসিবি চেয়ারম্যান নাকভির সঙ্গে জরুরি সভা করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের বরাতে জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দিন দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় বসবেন নাকভি। এরপর হাইভোল্টেজ ম্যাচটির ব্যাপারে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
আইসিসি ও পিসিবির সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি বুলবুলও। তবে সেখানে তার ভূমিকা কী অথবা কোন পক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে সূত্রের বরাতে জিও টিভির জানায়, আইসিসির কাছে বিসিবি কিছু দাবি তুলে ধরেছে। সেই দাবিগুলোর প্রতি আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য একটি সূত্র তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইসিসি এবং বিসিবি দুপক্ষই নিজেদের মধ্যে প্রস্তাব বিনিময় করেছে। দীর্ঘ বৈঠক শেষে ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন বুলবুলও।
সব ঠিকঠাক থাকলে বিশ্বকাপে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলা হয়ে যেত বাংলাদেশের। তবে নিরাপত্তাশঙ্কায় বিসিবি’র ভেন্যু পরিবর্তনের দাবি না মেনে টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি। এ কারণে প্রথমে বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও, পরে শুধু ভারত ম্যাচ বয়কটের কথা জানায় পাকিস্তান।
