ভিসা জটিলতা ও ফিফার সমন্বয়হীনতা: ফুঁসছে ইরান শিবির

ভিসা জটিলতা ও ফিফার সমন্বয়হীনতা: ফুঁসছে ইরান শিবির

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চরম সমন্বয়হীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ইরান ফুটবল দল। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও, ইরানের ফুটবল ফেডারেশনের ১৫ জন শীর্ষ কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। এ তালিকায় রয়েছেন দলের অভিজ্ঞ সুপারভাইজার মাহদি মোহাম্মদ নবীও।

মেক্সিকো সিটিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রাজনৈতিক জটিলতা কাটিয়ে ইরানের অংশগ্রহণকে নিজেদের সাফল্য হিসেবে দাবি করেন। ঠিক তার পরদিনই রয়টার্সের কাছে ফিফার প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে মুখ খোলেন মাহদি নবী। তিনি বলেন, ‘আমরা আশা করি, জনাব ইনফান্তিনো ইরান জাতীয় দলকে দেয়া তার কথা ও প্রতিশ্রুতি রক্ষা করবেন। সদস্য দেশ এবং আয়োজক-উভয় পক্ষকেই ফিফার নিয়ম ও প্রটোকল সঠিকভাবে মেনে চলতে হবে।’

ইরানের এই ভিসা বাতিলের পেছনে ওয়াশিংটন অবশ্য নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবি, তারা কোনোভাবেই ‘ইরান দলকে এই ব্যবস্থার অপব্যবহার করে ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী ঢোকানোর সুযোগ দেবে না’। এই রাজনৈতিক বৈরিতার কারণে ইরানকে তাদের প্রাক-বিশ্বকাপ ক্যাম্পও আরিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করতে হয়েছে।

ভিসা জটিলতার এই প্রভাব পড়েছে মাঠের প্রস্তুতিতেও। দলের তারকা ফুটবলার সাঈদ এজাতোলাহী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের সব স্টাফ, বিশেষ করে মূল কর্মকর্তাদের পাশে পাওয়া খুব প্রয়োজন ছিল। ইরানের যুদ্ধ পরিস্থিতি খেলোয়াড়দের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে। তবুও আমরা ফুটবলকে ভালোবেসে লড়াই চালিয়ে যাচ্ছি।’

এদিকে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো এ দায় এড়াতে গিয়ে মন্তব্য করেন, অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত ফিফা কোনো আয়োজক দেশের ওপর চাপিয়ে দিতে পারে না। কিছুটা নমনীয় ভাষায় তিনি বলেন, ‘সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই হয়তো একটু শান্ত ও শিথিল থাকাটাই ভালো।’

আগামী সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। খেলোয়াড়রা শেষ মুহূর্তে ভিসা পেয়েছে। তবে কর্মকর্তাদের ছাড়াই মাঠে মাঠে নামার বিষয়টি দলটির প্রস্তুতিকে চরমভাবে বিঘ্নিত করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন